সেন্সর জটিলতায় পড়েছে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। ছবিতে চুনিলাল চরিত্রের অভিনেতা শহীদুজ্জামান সেলিমের গায়ে মুজিব কোট থাকায় ছবিটির ছাড়পত্র দিতে আপত্তি জানিয়েছেন সেন্সর বোর্ড। গত ১৯ জানুয়ারি ছবিটি দেখেছেন সেন্সর বোর্ড সদস্যরা। এসময় তারা সেলিমের গায়ে থাকা কোটটি নিয়ে আপত্তি করেছেন। এর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘হৃদয় ভাঙা ঢেউ’ ছবিটি নিয়েও একই আপত্তি তুলেছিলেন সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। যার কারণে সবকিছু চূড়ান্ত থাকার পরও প্রায় এক বছর ছবিটি আলোর মুখ দেখেনি। চাষী নজরুলের দেবদাস নিয়ে আপত্তি তোলায় সেন্সর বোর্ডের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে চলচ্চিত্র প্রাণকেন্দ্র এফডিসি, ছবিপাড়া কাকরাইলসহ সর্বত্র। এ প্রসঙ্গে চাষী নজরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এ ঘটনায় আমি আসলেই হতভম্ব। ৪৫ বছর চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য ছবি নির্মাণ করেছি। কেউ কখনো আমার ছবি নিয়ে বিতর্ক তোলেনি। এখন পর্যন্ত আমি ৬টি মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র নির্মাণ করেছি। প্রত্যেকটি ছবিতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আমি সবসময় তাকে সম্মান করি। শহীদুজ্জামান সেলিমের গায়ে রঙিন কোট ছিল। বুঝতে পারছি না, এ নিয়ে আপত্তি জানানোর কি আছে। যদিও এখন পর্যন্ত আমার কাছে কোনো চিঠি আসেনি। চিঠি পেলেই আমি জবাব দেবো।’ দেবদাস ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মৌসুমী ও অপু বিশ্বাস। এদিকে, নতুন করে পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত বুধবার তথ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুরনো সদস্যের মধ্যে দুজন স্বেচ্ছায় প্রদর্শনীতে না আসার কারণে বোর্ড পুনর্গঠন করতে হয়েছে বলে জানা যায়। নতুন সদস্য হিসেবে চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ [সোহেল রানা] ও শারমিন মেরিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে তারা সেন্সর বোর্ডের সদস্য হিসেবে ছবি দেখা শুরু করবেন।

যায় যায় দিন
এমন আরও কিছু খবর:

মন্তব্য